মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৬:৩৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১৬:৫৩ পিএম
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মামা বাড়িতে শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩ মার্চ) বিকালে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামের মজলু মিয়ার ছেলে। তিনি মহিনন্দ বাজারে সেলুন চালাতেন। সংঘর্ষের দিন ইফতারের দাওয়াতে তিনি মামা বাড়ি গিয়েছিলেন।
এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- এখলাস মিয়া, রাজন, ইদ্রিস মিয়া, আফসর আলী ও তানিয়া সুবর্ণা। আহত অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবদুর রাশিদের ছেলে এখলাস মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার আবু সালেহ ও তার স্বজনদের। সোমবার বিকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে নতুন করে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে এদিন ইফতারের পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এখলাস মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় এখলাস মিয়া ও তার ফুফাতো ভাই শরিফুল ইসলামসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের কয়েকজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, শরিফুল ইসলাম তার মামা বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গেয়েছিলেন। কিন্তু ইফতার খেতে গিয়ে হামলার শিকার হলেন তিনি। তাকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শরিফুল ইসলাম নিহত হন। এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।