চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৪:৫৩ পিএম
হাইমচর উপজেলায় একটি বাজারে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রবা ফটো
চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি বাজারে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের কেবিএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন উত্তর আলগী বাজারে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ১২টার পর বাজারের পশ্চিম মাথায় একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা একঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ততোক্ষণে মুদি ও কনফেকশনারিসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওষুধের দোকানের মালিক কাজী নজরুল ইসলাম রুবেল বলেন, ‘আমরা রাতে তারাবি পড়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমার কাছে খবর আসে আমার দোকানসহ সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসে দেখি আমার দোকানে থাকা ওষুধ ও তিনটি শালিসির জমানো টাকা পুড়ে শেষ।’
দোকান মালিক মিন্টু মিয়া কবিরাজ বলেন, ‘আমার সন্দেহ এটা পরিকল্পিত। আর বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের অবহেলার কারণেই আমার ৮টি দোকান পুড়ে ছাই।’
হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. রতন শেখ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে আগুনের ঘটনা ঘটে। হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবেব আগুনের সূত্রপাত জানা যায়নি।