× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গল

কলেজের কার্যক্রমে গ্রন্থাগার ধ্বংস

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডের পাবলিক গ্রন্থাগার। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডের পাবলিক গ্রন্থাগার। প্রবা ফটো

মূল ভবনের চারদিকের দেয়াল অনেকটাই জরাজীর্ণ। ঘূর্ণিঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়েছে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসের আলামত। দরজা ও জানালার কোনো অস্তিত্ব নেই। বাউন্ডারি দেয়ালগুলোর অধিকাংশই ধসে পড়েছে। নেই কাঠের তৈরি আলমারি ও বইয়ের কোনো স্মৃতিচিহ্নও। এ চিত্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডের পাবলিক গ্রন্থাগার। অথচ একসময় এই লাইব্রেটি ছিল সব বয়সি মানুষের কাছে জ্ঞান অর্জনের কেন্দ্র। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকালে লাইব্রেরিটিতে ভিড় জমাতেন বইপ্রেমীরা।

স্থানীয়রা জানিয়েছেন, ২০১২ সালে গ্রন্থাগারটি বন্ধ করে গ্রন্থাগারের টিনশেড ভবনে শ্রেণি ও প্রশাসনিক কার্যক্রম শুরু করে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ। দীর্ঘ ৮ বছর তাদের দখলে ছিল গ্রন্থাগারের জমি ও টিনশেড ভবনটি। ২০২০ সালে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এটি ফেলে কলেজটি উপজেলার মতিগঞ্জ এলাকায় নিজস্ব ক্যাম্পাসে চলে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৩ সালের ২২ জুলাই শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ের একটি টিনশেড কক্ষে ‘শ্রীমঙ্গল গণগ্রন্থাগার’ নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা হয়। ১৯৮৪ সালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে মৌলভীবাজারের জেলা প্রশাসকের খাস খতিয়ানভুক্ত দশমিক ১৫ একর জমি গ্রন্থাগারের জন্য উপজেলা প্রশাসনের নামে বন্দোবস্ত দেওয়ার পরে সেখানে টিনশেড ভবন নির্মাণ করা হয়। পরে ১৯৯৩ সালের টিনশেড ভবনসহ জমি পৌরসভার কাছে লিখিতভাবে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। সেটাকে ‘শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়াম কাম লাইব্রেরি’ নামকরণ করা হয়।

২০১২ সালে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের নামে প্রতিষ্ঠিত হয় ‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটির নামকরণ করেছে মতিগঞ্জ কলেজ)। ওই কলেজটির প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম শুরু হয় ‘শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়াম কাম লাইব্রেরি’র টিনশেড ভবনে। ২০২০ সাল পর্যন্ত ৮ বছর তারা দখল করে রাখে সেটি। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় শ্রীমঙ্গলের বইপ্রেমীদের প্রাণের গ্রন্থাগারটি। ২০২০ সালে উপজেলার মতিগঞ্জ এলাকায় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর হয়।

শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়াম কাম লাইব্রেরি পৌরসভার কাছে বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পৌর কর্তৃপক্ষের। টিনশেড ভবনটি ফেলে রেখে যায় জরাজীর্ণ ও তালাবদ্ধ অবস্থায়। কলেজের প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম পরিচালনার সময়ে ওই টিনশেড ভবনের কোনো ধরনের সংস্কারকাজও করেনি তারা। উপরন্ত পেছনের বাউন্ডারি দেওয়াল ভেঙে পার্শ্ববর্তী শিশুপার্কের জমিতে বর্ধিত শ্রেণিকক্ষ করে কলেজ কর্তৃপক্ষ। 

২০২৪ সালের এপ্রিলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। ভেঙে যায় পুরো বাউন্ডারি দেয়াল। পরে ভবনের দরজা-জানালা, লোহার এঙ্গেল ইত্যাদি খুলে নিয়ে যায় চোর বা চোরচক্র।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘কীভাবে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ লাইব্রেরি ভবনে তাদের কার্যক্রম চালিয়েছে এটি জানা নেই। এ ছাড়া ২০২০ সালে ভবনটি ছেড়ে যাওয়ার সময় চাবি ও অন্য মালামাল বুঝিয়ে দিয়ে যায়নি। তবে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও ইসলাম উদ্দিন গ্রন্থাগারটি সংস্কার করে চালুর বিষয়ে অত্যন্ত আন্তরিক।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন, ‘কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন সাইয়্যিদ মুজিবুর রহমান স্যার। যতটুকু জানতে পেরেছি সে সময়ে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই গ্রন্থাগারের টিনশেড ভবনে কার্যক্রম শুরু করা হয়েছিল। যদিও লিখিত কাগজপত্র দেখিও নাই, পাইও নাই। গ্রন্থাগারটি একটি পতিত জমির মতো ছিল। খুব খারাপ ছিল টিনশেড ভবনের অবস্থা। আমরা গ্রন্থাগারের বই, কাঠের আলমারিসহ আসবাবপত্র কিছুই আনিনি।’

ইউএনও ইসলাম উদ্দিন বলেন, ‘এখানে আধুনিক গণগ্রন্থাগার স্থাপনের চিন্তা রয়েছে। সেই লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা