ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫ পিএম
প্রবা ফটো
ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন নির্বাচনের প্রচার শুরু করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বোয়ালমারী স্টেডিয়াম থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করেন। শোভাযাত্রাটি বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় তিনি তিনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মুফতি শারাফাত হোসাইন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এখন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়ে যাবেন।
তিনি বলেন, ইসলামী দলগুলো সম্মিলিতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আর এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে ইসলামী দলগুলোকেই মানুষ ভোট দেবে। ফলে আমরা মনে করি আগামীতে সম্মিলিতভাবে ইসলামী দলগুলোই ক্ষমতায় যাবে।
প্রচারে খেলাফত মজলিসের ফরিদপুরের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।