কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৫ এএম
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবিতে ঢাকাগামী ট্রেন আটকে রেলপথ অবরোধ করছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সিরাজগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের যাত্রীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনেটে উপজেলার হাইটেক পার্ক রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবিতে দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ, মশাল মিছিলসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিল। দাবি আদায় না হওয়ায় তারা রেলপথ অবরোধ করে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে হজযাত্রী থাকায় শিক্ষার্থীরা সকাল ৯ টা ৪০ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়ে পুনরায় রেলপথ অবরোধ করে।
শিক্ষার্থীরা জানান, ‘বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের’ নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে’ রূপান্তর না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতে থাকবে।
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদুজ্জামান বসুনিয়া জানান, তারা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়টির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে রুপান্তরের জন্য সড়ক অবরোধ, মশাল মিছিল, মানববন্ধনসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন। দীর্ঘদিন আন্দোলন করার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় তারা এবার বাধ্য হয়ে উপজেলার হাইটেক রেলস্টেশনে রেলপথ অবরোধ করেছেন।’
হাইটেক রেলওয়ের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে রেলপথ অবরোধ করে। পরে তারা যাত্রীদের অনুরোধে ট্রেনটি ছেড়ে দিলেও রেলপথ ছাড়েনি। হাইটেক স্টেশনে রেলপথ অবরোধ থাকায় সিডিউলের ব্যাপক বিপর্যয় হচ্ছে।