পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০ পিএম
পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত
যান্ত্রিকত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হওয়ার প্রায় পাঁচদিন পর আবারও আংশিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটির যান্ত্রিকত্রুটি দূর করে চালু করা সম্ভব হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলনকৃত কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লাভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট মিলে মোট বিদুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ২৫০ মেগাওয়াট। ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন। এর আগে পাইপে ফাটল এবং বিয়ারিং নষ্টের কারণে ৩ নম্বর ইউনিটটি ১৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এর পর শুধুমাত্র চালু ছিল ১ নম্বর ইউনিটটি। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে অচল ইউনিট ২টি সচলের কাজ শুরু করেছেন তারা। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।