নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৪ পিএম
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. হান্নান। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার মামলায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। নিহত সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে যান। সে সময় হান্নানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হান্নান ও তার সহযোগীরা এনজিও কর্মকর্তা সাজেদুরকে ঘরে নিয়ে গলা কেটে করে হত্যা করে।’
এই ঘটনায় তৎকালীন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে মামলাটি করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
আদালতের পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।’