কিশোরগঞ্জের পাকুন্দিয়া চন্ডিপাশা ইউনিয়নে সভাপতির পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চন্ডিপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো. বদরুল আলমকে আহ্বায়ক করে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য আহ্বায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়। আজ শনিবার বিকালে ইউনিয়নের চন্ডিপাশা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ডাকে ইউনিয়ন বিএনপি। এ সময় সভা চলাকালে ওয়ার্ডের দুই সভাপতি প্রার্থীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষই চেয়ার দিয়ে অন্যপক্ষের লোকজনকে আঘাত করে। সংঘর্ষে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, চন্ডিপাসা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের দুই সভাপতির প্রার্থীর সমার্থকদের মধ্যে কথা কাঠাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাকুন্দিয়ার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’