রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ পিএম
শনিবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রবা ফটো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, যে জাতি গুণীজন ও ক্রীড়াবিদদের সম্মান জানাতে পারে না, সেই জাতি উন্নতি করতে পারে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিনু বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য বিএনপি বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে এখন অনেক সেরা খেলোয়ার তৈরি হচ্ছে। তারা দেশের সম্মান উজ্জ্বল করছে। আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া পৃষ্ঠপোষক। তিনি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে কাজ করে গেছেন। তার জীবদ্দশায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অভাবনীয় উন্নয়ন হয়েছিল। তখন ছিল না কোন দলীয়করণ। ভাল খেলোয়ারেরা যথাযথ মূল্যায়ন পেয়েছে।
উদ্বোধনী বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। এ অবস্থ থেকে উত্তরণ করা হবে।
তিনি বলেন, বর্তমানে দেশে ব্যানার সংস্কৃতি দেখা যাচ্ছে। আওয়ামী লীগের দোসররা ভোলপাল্টে বিএনপি নেতৃবৃন্দের ছবি দিয়ে ব্যানার টাঙিয়ে দখল-বাণিজ্য করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন রাজশাহী শাখার আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, বগুড়া জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক সৈয়দ এনামুল হক দেওয়ান সজল, শাহ্ মখ্দুম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল রাজশাহী মহাগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সদস্য আবু হেনা মোহাম্মদ শাহীন রেন্টু ও মাহফুজুল হাসনাইন হিকোল, ব্যবসায়ী ও দোগাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল আলম তারেক, বিএনপি নেতা আবু আহম্মেদ লাল্টু ও যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দলের ম্যানেজার ও কোচ ও খেলোয়ারবৃন্দ।
দশ দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের পর্দা নামবে। উদ্বোধনী ম্যাচে বাস মালিক সমিতি দল এবং কুমাড়পাড়া রাইডার্স প্রতিদ্বন্দ্বিতা করে।