শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎপৃষ্টে এক শিক্ষক ও তার স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূইয়ার ছেলে এবং কির্তনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকালে শহীদুল্লাহ ভূঁইয়া মাছ ধরার জন্য বাড়ির পাশে পুকুরে বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া পৃষ্ট হোন। এসময় বিদ্যুৎপৃষ্ট স্বামীকে বাঁচাতে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
এসআই হালিম জানান, স্বজনেরা নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছিলো। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।