ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৯ পিএম
ঝালকাঠির কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বুলডোজার দিয়ে ইটভাটাগুলোর চুলা, চিমনি ও কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বড় কাঁঠালিয়া ও শৌলজালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের দায়ে শৌলজালিয়া ইউনিয়নের এসএসবি ব্রিকস, এমসি ব্রিকস ও এমএম ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কেবিএফ ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় অভিযান পরিচালনকারী দল। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল ইসলাম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আর্মস পুলিশ, কাঁঠালিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।