রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ পিএম
গত শুক্রবার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। প্রবা ফটো
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে ৮৪ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মেঘনা নদীর আবদুল্লাহ চর এলাকায় মাছ ধরার সময় কালু মাঝির জালে এই বিশাল মাছটি ধরা পড়ে। পরে বিশাল আকৃতির এই মাছটি ডাক হাকিয়ে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাটওয়ারির হাট মাছ ঘাটের আড়তদার মো. লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটওয়ারিরহাট মাছ ঘাট থেকে জানা যায়, শুকবার সকালে কালু মাঝি তার নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় জাল ফেললে বিশাল মাছটি জালে ধরা পড়ে। পরে নৌকার সব জেলেরা মিলে মাছটি নৌকাতে উঠায়। এক পর্যায়ে বাঁশের লম্বা লাঠির সঙ্গে বেঁধে জেলেরা কাধে করে পাটওয়ারির হাট মাছ ঘাটে নিয়ে যায়। পরে ঘাট ব্যবসায়ী লিটনের আড়তে এ মাছটি নিলামের মাধ্যমে ৪৬ হাজার টাকা দাম ওঠে। স্থানীয়রা মাছটিকে কেটে ভাগ করে কেজি ওজনে কিনে নেয়। মাছটিকে এক নজর দেখার জন্য ঘাটে ওই সময় উৎসুক জনতার ভিড় জমে।
আড়তদার মো. লিটন জানান, ৮৪ কেজি ওজনের এত বড় মাছ আমার আড়তে এই প্রথম এসেছে। কালু মাঝির নৌকায় মাছটি ধরা পরে। মাছ বেপারীদের ডাকে ৪৬ হাজার টাকা দাম ওঠে । পরে স্থানীয়দের অনুরোধে মাছটি কেটে টুকরো করে কেজি হিসেবে সবাই কিনে নেয়। এতে সবাই খুশি।
জেলে কালু মাঝি জানান, এই প্রথম এতবড় মাছ তার জালে ধরা পড়েছে। মেঘনা নদী থেকে এত বড় মাছ ধরতে পেরে তিনি ও তার নৌকার জেলেরা খুব খুশি।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, ‘শাপলা পাতা মাছ খুবই সুস্বাদু। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু নেই। জানলে আমি নিজেও কিনতাম।’