হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০ পিএম
উদ্ধারকৃত গরু। প্রবা ফটো
সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধ পথে ভারত থেকে আনা ১৯টি গরুবোঝাই চারটি পিকআপ ভ্যানসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার থেকে অভিযান চালিয়ে গরুসহ চোরাকারবারিদের আটক করা হয়।
আটকরা হলেনÑ পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের রফিকুল ইসলাম, ফাহিম মিয়া; আলীহারপুর গ্রামের রাকিব হাসান, নেত্রকোণার বারহাট্টার আলোকদিয়া পূর্বপাড়া গ্রামের রাতুল মিয়া ও ছয়হাল গ্রামের মাসুদ খান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিÑ ভোর সাড়ে ৪টার দিকে চোরাইপথে আনা ভারতীয় বেশ কিছু গরু চারটি পিকআপ ভ্যানবোঝাই করে গাছতলা বাজার হয়ে পাশের বারহাট্টা উপজেলার নৈহাটি গরুর হাটের দিকে যাবে। পুলিশ গাছতলা বাজারের মূল রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই গরুবোঝাই চারটি পিকআপ বাজারে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশ গরুসহ এক চোরাকারবারি ও চার পিকআপচালককে আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলার পর আদালতে পাঠিয়েছে পুলিশ। গরু, মাদকসহ কোনো চোরাকারবারিকেই ছাড় দেওয়া হবে না। চোরাচালানরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ এনামুল হক।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী মধ্যনগর উপজেলার কাঠঘর, কড়ইবাড়ী, মটিয়ারবন, মঈনপুরসহ বেশ কয়েকটি এলাকা দিয়ে বিজিবিসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র প্রতি রাতে চোরাইপথে ছোট-বড় শত শত গরু নিয়ে আসে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগকৃত লাইনম্যানদের গরুপ্রতি ২০০-৩০০ টাকা করে দিতে হয়। পরে তারা লাইনম্যানদের সহযোগিতায় গরু মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে লুকিয়ে রাখে। তাৎক্ষণিকভাবে এসব বৈধ করতে চোরাকারবারিরা স্থানীয় মহেশখলা গরুর হাট ও দাতিয়াপাড়া নতুন বাজার গরুর হাটে ইজারাদারদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে রসিদ নিয়ে আসে। সেখান থেকে প্রকাশ্যে মধ্যনগর সদর হয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে পাশের ধর্মপাশা গরুর হাট, হাওরাঞ্চলে সর্ববৃহৎ গরুর হাট হিসেবে পরিচিত বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গরুর হাটসহ আশপাশের বিভিন্ন হাটে নিয়ে যায়।