মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০ পিএম
কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালত। প্রবা ফটো
কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট
আরিফুল ইসলামের নেতৃত্বে তিন প্রতিষ্ঠানের কারখানায় অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এম এম খান ফুডসকে (ম্যাক) তিন লাখ,
সুগন্ধা ফুড প্রোডাক্টসকে তিন লাখ এবং আজহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ
টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তিন প্রতিষ্ঠানের মালিককে
সাজা না দিয়ে মুক্তি দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানা তিনটি পরিদর্শনকালে অত্যন্ত নোংরা
ও অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি ও বিভিন্ন প্রকারের খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়।
এ ছাড়া বিপুল পরিমাণ মোড়কে মিথ্যা তথ্য পাওয়া যায়। অভিযানে এসব ধ্বংসের পাশাপাশি
নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়।
এ সময় প্রতিষ্ঠান তিনটিকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত
ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,
খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দিকনির্দেশনামূলক পোস্টার প্রদান করা হয়।
প্রতিষ্ঠান তিনটি নিরাপদ খাদ্য আইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করবে মর্মে মুচলেকা দেয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলার স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।