× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস কাউন্টার দখলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৪ পিএম

আমতলী কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। প্রবা ফটো

আমতলী কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। প্রবা ফটো

আমতলী পৌরসভায় বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের পতনের পর আমতলী পৌরসভার বটতলার ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখল নিয়ে পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়। সামসুল হকের দাবি তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন, অপরদিকে কবির ফকিরেরও একই দাবি। গত চার মাস ধরে কবির ফকির কাউন্টার পরিচালনা করলেও গত ২৭ জানুয়ারি ইউনিক কর্তৃপক্ষ সামসুল হক চৌকিদারকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দেওয়ায় সামসুল কাউন্টার বুঝে নিতে চাইলেও কবির ফকির না দেওয়ায় গত শুক্রবার রাতে আমতলী থানায় বৈঠক হয়। বৈঠকে কোনো সমাধান না আসায় গতকাল সকালে সামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে গেলে কবির ফকিরের লোকজন এসে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর জেরে ওইদিন দুপুরে শহরের চৌরাস্তায় সামসুল হক ও কবির ফকিরের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়। আহতদের মধ্যে রাহাত ফকির, ফরহাদ ফকির, আলী, সামসুল হক চৌকিদার, রেজাউল চৌকিদার, বেল্লাল চৌকিদার, আল আমিন, মিজানুর, শহীদ, বায়েজিদ ও মিল্টনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী হাপসাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আমতলী উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোয়েব ইসলাম হেলাল বলেন, আমার ভাই বেল্লাল চৌকিদারের ব্যবসাপ্রতিষ্ঠানে রাহাত ফকির ও ফরহাদ ফকিরসহ তার সহযোগীরা হামলা করে ভাইকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। 

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামসুল হক চৌকিদার বলেন, ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত ২৭ জানুয়ারি আমাকে লিখিতভাবে কাউন্টার পরিচালনার দায়িত্ব দিলেও করিব ফকির তা জোর করে দখলে রেখেছে। গতকাল আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।

আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির বলেন, আমার কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখল করতে এলে আমার লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামসুল ও তার লোকজন আমার দুই ভাইয়ের ছেলেসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে। 

আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা