মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০ কেজি ধান দিয়ে তৈরি করা হয়েছে ২১ ফুট উচ্চতার সরস্বতী পূজার প্রতিমা। উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার গোসাইবাড়ি সড়কে লালবাগ কিশোর সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে দৃষ্টিনন্দন এ সরস্বতী প্রতিমা তৈরি করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজার দিন এখানে ভিড় জমায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশুরা। দৃষ্টিনন্দন এ প্রতিমাটি তৈরি করেছেন উদয় পাল ও গৌর পাল নামের দুই কারিগর।
প্রতিমা কারিগর উদয় পাল ও গৌর পাল জানান, প্রায় মাসখানেক ধরে একটি
করে ধান গেঁথে ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমাটি তৈরি করেছেন তারা। এ অঞ্চলে ধান দিয়ে
প্রতিমা তৈরির ঘটনা এই প্রথম। প্রতিমাটি দেখতে শ্রীমঙ্গল উপজেলা ছাড়াও মৌলভীবাজার জেলার
বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ আসেন লালবাগ কিশোর সংঘের পূজামন্ডপে। প্রতিমাটি দেখতে
এসে কারিগরদের খুবই প্রশংসা করেছেন। মানুষের এ প্রশংসায় তারা পুলকিত। এর আগে কেউ এ
অঞ্চলে এমন ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেননি বলে দাবি তাদের। প্রতিমাটিতে ৫০ কেজি ধান
ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এদিকে সোমবার সকাল থেকেই ধানের তৈরি স্বর্ণালী রঙের ব্যতিক্রমী
এ সরস্বতী প্রতিমা দেখতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। প্রতিমা দেখতে ও পূজা করতে
আসা অনিতা পাল নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘ব্যতিক্রমী এ প্রতিমা দেখে মন জুড়িয়ে
গেছে। খুবই সুন্দর হয়েছে লালবাগ কিশোর সংঘের এবারের প্রতিমা।’
সমীরন ধর নামের এক দর্শনার্থী বলেন, ‘সোনালি রঙের ধান দিয়ে তৈরি
প্রতিমা দেখে মনে হয়েছে যেন সোনা দিয়ে মোড়ানো প্রতিমা। পুরো প্রতিমায় ধান বসানো হয়েছে
অনেকটা পুঁতির মতো করে। যা দেখতে অপরূপ লেগেছে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য লালবাগ
কিশোর সংঘের সাথে সংশ্লিষ্ট সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
সংবাদকর্মী ঝলক দত্ত বলেন, ‘এবার লালবাগ কিশোর সংঘের আয়োজনে পুরো
জেলায় ব্যতিক্রমী সরস্বতী পূজা হয়েছে। একটি একটি করে ধান গেঁথে ২১ ফুট উচ্চতার এ প্রতিমা
খুবই আকর্ষনীয় হয়েছে। ব্যতিক্রমী এ প্রতিমা দেখতে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু ভিড়
করেছেন এখানে। দৃষ্টিননন্দন এ আয়োজনের জন্য লালবাগ কিশোর সংঘের সদস্যদের ধন্যবাদ জানাই।’
লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘সবাই চান নতুনত্ব,
নতুন কিছু। আমরাও সব সময় ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি। এবার আমাদের ২৫তম সরস্বতী
পূজায় পুরো ধান দিয়ে ২১ ফুট উচ্চতার অনিন্দ সুন্দর বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা গড়ে
পূজা করেছি। এবারের আমাদের প্রতিমা সকলের নজর কেড়েছে। অসাধারণ প্রতিমা দেখতে আমাদের
মন্ডপে সাধারণ মানুষের ঢল নেমেছিল। আগত সবাই এটিকে সাধুবাদ জানিয়েছেন। ধান দিয়ে ব্যতিক্রমী
এ প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল অত্যন্ত সুন্দরভাবে প্রতিমা তৈরি করে সকলের
প্রশংসায় ভেসেছেন। যা আমাদেরও আনন্দের হিল্লোলে ভাসিয়েছে। আগামী বছরও এ ধরণের কোন নতুনত্ব
থাকবে আমাদের আয়োজনে।’