যশোর প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম
বেলাল হোসাইন চৌধুরী।
বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী ফেরদৌস সুমির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের উপপরিচালক সালাহউদ্দিন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, বেলাল হোসাইন চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাইসহ ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এর মাধ্যমে তিনি হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে একটি অভিযোগ দুদক অনুসন্ধান করে দেখছে।
অভিযুক্ত বেলাল হোসাইন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে ও দেশের বাইরে প্রচুর সম্পদ রয়েছে। তা ছাড়া তিনি ও তার ভাইসহ বিভিন্ন ব্যক্তির নামে ছাড়াও বিভিন্ন ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানিসহ শেয়ারবাজারে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে জানা যায়, বেলাল হোসাইন চৌধুরী সপরিবারে গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে গেলে অভিযোগসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।