চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:০৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সদরের আমনুরা বাইপাস সংলগ্ন এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা রেললাইনের স্লিপারটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনা যেন থামছেই না। বুধবার (২৯ জানুয়ারি) রাতেও ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস মোড়-সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন ছিনতাইয়ের শিকার হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই রাত ৯টার পর ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল ওই সড়কে চলাচলকারী যানবাহন কৌশলে থামিয়ে এসব ছিনতাই করে।
স্থানীয়রা জানান, গত বুধবার প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে তানোরগামী একটি ট্রাকের গতিরোধ করে ছিনতাইকারীরা। ট্রাকটি থামালে তারা চালককে মারধর করে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর সেখানে একটি মাছবাহী গাড়ির চালককেও মারধর করে ছিনিয়ে নেওয়া হয় ৪৫ হাজার টাকা। পরবর্তীতে ব্যাটারিচালিত অটোরিকশার এক প্রতিবন্ধী চালককের কাছ থেকেও ১০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি ফিচার ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ছিনতাইয়ের শিকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সদর উপজেলার কালীনগরে অশিক বর্মণ বলেন, ছিনতাইকারীদের হাতে ছিল হাঁসুয়া, রড, লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র। কাছে এসেই শুরু করে মারধর। আমার অটোতে ছিল ৯ জন যাত্রী। ছিনতাইকারীরা আমাদের প্রত্যেক যাত্রীকে বেধড়ক পিটিছে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, রাতে শুয়ে থাকার সময় মানুষজনের চেঁচামেচি শুনে ঘর থেকে বের হয়ে দেখি লোকজন দৌড়াদৌড়ি করছে। ঘটনাস্থলে গিয়ে দেখি রেললাইনের স্লিপার দিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। সেখানে গত ১৩ জানুয়ারি কলাগাছ রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মধ্যেই। একই রাতে এতগুলো মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছেনÑ এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি এই এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে।
আমনুরা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক শাহিনুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি আমাদের এলাকায় না। জায়গাটি তানোরের মধ্যে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, তানোরের ওসির সঙ্গে আমার কথা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা না, তবে ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছিল।
তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, তারা স্থানীয়দের বক্তব্য নিয়ে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।