রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২১:০৪ পিএম
রাজবাড়ী সদর উপজেলার রামপুর বিলের মধ্যে তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। জমির মাটি কেটে পুকুর খনন করায় পানি বের না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
প্রতিকার চেয়ে স্থানীয়রা গত বুধবার জেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)-সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে কৃষক লোকমান, রশিদ, আলমগীর ঢালী, আইয়ুব আলীসহ স্থানীয়রা বলেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর বিলের জমি ব্যক্তিমালিকানাধীন। তবে একপাশ দিয়ে সরকারি একটি খাল রয়েছে। ওই খাল দিয়ে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন হতো। সাদীপুর গ্রামের মো. সিদ্দিক সেখ ও হায়দার আলী সেখ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিলের মাথার সরকারি খাল বন্ধ করে করে ২টি পুকুর খনন করে মাটি ইটভাটায় বিক্রি করে। ফলে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এ কারণে ওই এলাকার শত শত পরিবারের জমি ডুবে ফসল নষ্ট হচ্ছে। এর আগে অভিযোগ করা হলেও সুফল মেলেনি। বর্তমানে তারা ফসলি জমি থেকে মাটি কেটে আবারও ভাটায় বিক্রি শুরু করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পুকুর সংস্কারের আবেদন দিয়েই ফসলি জমি কেটে পুকুর তৈরির কাজ করছে।
বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর বিলের জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি কাটার জায়গার চারপাশে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। পাশেই মাটি কেটে চালা তৈরি করছে।
ভেকুচালক শাহীন বলেন, মাটি ব্যবসায়ী এনামুল এ জমির মাটি ক্রয় করেছেন। এ কারণে কাটা হচ্ছে।
জমির মালিক মো. সিদ্দিক সেখ ও হায়দার আলী সেখের খোঁজ জানতে চাইলে স্থানীয়রা বলেন, ‘আপনাদের আগমন দেখে তারা চলে গেছেন। পরে তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি, ফসলি জমি থেকে মাটি কর্তনের বিষয়টি সঠিক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে অবগত করা হয়েছে।