সিলেট অফিস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ০১:০১ এএম
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইন। ছবি : প্রবা
স্বাস্থ্যসম্মতভাবে মাংস সংরক্ষণ না করা এবং মসলা আমদানির কাগজপত্র না থাকায় জরিমানার মুখে পড়েছে অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইন। প্রতিষ্ঠানটি এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে বুধবার অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সিলেট কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাচ্চি ডাইনের এই শাখাকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে।
অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।
তিনি বলেন, ‘কাচ্চি ডাইনের এই শাখায় মাংস সংরক্ষণ প্রক্রিয়াটি স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও সেসব আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে সে জন্য সতর্ক করে দেওয়া হয়।’
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা।
অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।