আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম
তরিকুল ইসলাম রাহাত।
পটুয়াখালী শহরের মহিলা আনসার ক্যাম্প লেকের পাড়ে ছিনতাই করতে গিয়ে পাবলিকের ধোলাই খেয়ে ছাত্রদল পরিচয় দিয়ে পালিয়ে গেছেন তরিকুল ইসলাম রাহাত প্যাদা নামে এক ছিনতাইকারী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, লেকের পাড় সড়ক থেকে রেদোয়ান রহমান সুরবীন নামে এক কলেজশিক্ষার্থী চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসায় ফেরার পথে তার পথ আটকে গলায় চাইনিজ কুড়াল ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করেন তরিকুল ইসলাম রাহাত প্যাদা। এ সময় কলেজশিক্ষার্থীর ডাক-চিৎকারে লেকের পাড় ঘুরতে আসা ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রাহাতকে আটক করে। পরে গণধোলাই দিলে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে পালিয়ে যান ছিনতাইকারী রাহাত প্যাদা।
রাহাত সবুজবাগ এলাকার মামুন প্যাদার ছেলে। রাহাত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মান্নানের ক্যাডার ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় ভিপি মান্নানের ছত্রছায়ায় চুরি-ছিনতাই ও চাঁদাবাজি করতেন তিনি।
কলেজশিক্ষার্থীর বাবা মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী সদর থানায় একটি মোবাইল ফোন ও নয় হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘একটি ছিনতাই অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’