চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:২২ পিএম
‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ স্লোগানে স্থানীয় ও দেশবরেণ্য কবি-লেখক-সাহিত্যিকদের মিলনমেলায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের জোড়পুকুরপাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। তিনি বলেন, ‘চাঁদপুর হচ্ছে শিল্প-সাহিত্যের উর্বর ভূমি। অন্যান্য জেলার তুলনায় এই জেলায় সাহিত্যের কার্যক্রম অনেক বেশি হয়ে থাকে। সাহিত্য মঞ্চের এই সম্মেলনটি একটি পরিপাটি আয়োজন। শিল্প-সাহিত্যের প্রসারে এ রকম আয়োজন সারা দেশে ছড়িয়ে পড়া দরকার।’
এবারের সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য সাতজন লেখককে সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ প্রবন্ধ ও গবেষণায় সুমনকুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত। ২০২৪ সালে পুরস্কারপ্রাপ্ত তিনজন হলেনÑ কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।
সম্মেলনে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মারক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক সরকার আব্দুল মান্নান। মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত, শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ।
শুভেচ্ছা বক্তব্য দেনÑ চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা গ্রন্থাগারিক ও লেখক সুনির্মল দেউরি, শামসুল আরেফিন সূর্য, সাংবাদিক নাসির পাঠান, লেখক মুখসুর রহমান ভূঁইয়া, সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, এইচএম জাকির, পলাশ দে, সঞ্জয় দেওয়ান, সরকার তৌহিদ, কবি জাহিদ নয়ন। কবিতা পাঠ করেন তাসফিয়া ফাওমি, এএসএম সাদ্দাম হোসেন প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সহসভাপতি মনিরুজ্জামান বাবলু ও সদস্য মোহাম্মদ হানিফ।
এর আগে সাহিত্য একাডেমির সামনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সাহিত্য সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাহিত্য সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। আয়োজনটিতে বৈচিত্র্য আনতে গতবারের মতো এবারও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্প-আড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন।