ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২০:৫৫ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:০২ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ জন্মনিবন্ধন করে দেওয়ার অভিযোগে ইউপি সচিবকে মারধর ও জোরপূর্বক পদত্যাগপত্র নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়ে মারধরের শিকার হন ইউপি সচিব আতিকুর রহমান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এলে এ নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, কিছু মানুষ জোরপূর্বক একটি পদত্যাগপত্র লিখিয়ে নিচ্ছেন। এদিকে ঘটনার খবর পেয়ে আতিকুর রহমানকে উদ্ধার করে আনেন ভৈরব থানা পুলিশ। ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শিবপুর ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। এ সময় সচিবকে মারধর করেন এলাকার কিছু দুষ্কৃতকারী। খবর পেয়ে ইউপি সদস্য কালা মিয়াসহ কয়েকজন উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসীর চাপের মুখে ভয়ে কিছুই করতে পারেননি স্থানীয় প্রতিনিধিরা। বিক্ষুব্ধ জনতা সচিব আতিকুর রহমানকে মারধর করে একটি পদত্যাগপত্র লিখিয়ে নেন। বিগত সরকারের আমলে ইউপি চেয়ারম্যান ও উদ্যোক্তাদের সমন্বয়ে বিভিন্ন দুর্নীতি করেছে। ইউপি সচিবের বিরুদ্ধে ৭৬টি ভুয়া নিবন্ধনের অভিযোগ রয়েছে। বিক্ষুব্ধ জনতা এই ক্ষোভে সচিবের ওপর হামলা চালিয়েছেন।
ইউপি সচিব আতিকুর রহমান বলেন, কেন বা কী কারণে আমার ওপর হামলা চালিয়েছেন জানি না। বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করলে তিনি পুলিশ পাঠিয়ে আমাকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত সহায়তা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, বিষয়টি অবগত। দ্রুত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।