ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:৩১ পিএম
মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বন্ধ ঘোষণার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন। অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস আধা ঘণ্টার বেশি সময় আটকে থাকে।
স্থানীয়রা জানান, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর পর রাজশাহী থেকে মধুমতি ট্রেনটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এতদিন পুখুরিয়া ও ভাঙ্গায় দুটি স্টেশনে যাত্রাবিরতি দিত। গত শুক্রবার রেল কর্তৃপক্ষ আজ (রবিবার) থেকে পুখুরিয়া স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ ঘোষণায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। দুপুর ১২টা থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীসহ হাজারো মানুষ জড়ো হতে থাকে রেলস্টেশনে। তারা লাল পতাকা টানিয়ে রেললাইনের ওপর অবস্থান নেয়। পুখুরিয়া স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস দুপুর ১২টা ২০ মিনিটে এসে পৌঁছানোর কথা। রবিবার ট্রেনটি বিলম্ব করে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুখুরিয়া স্টেশন অতিক্রম করতে গেলে অবরোধকারীরা ট্রেনটি থামিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট থেমে থাকার পর ট্রেনে থাকা কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
পুখুরিয়া গ্রামের বাসিন্দা করিম মাতুব্বর বলেন, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছি এবং ট্রেন থামিয়েছি। রেলের লোকজন আশ্বাস দিয়েছে যে, মধুমতি এক্সপ্রেস থামবে। তাই অবরোধ প্রত্যাহার করেছি। এরপর যদি না থামে তাহলে পুনরায় অরবোধ করব। পুখুরিয়া স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরিফের অসংখ্য ভক্ত প্রতিনিয়ত রেলপথে আসা-যাওয়া করে। তাই মধুমতি এক্সপ্রেস এখানে থামাতেই হবে।
তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার রেলপথ বিভাগ সারা দেশের দুটি স্টেশনে আন্তঃনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। এ অঞ্চলের মধ্যে পুখুরিয়া রেলস্টেশন একটি। রবিবার থেকে এ নির্দেশ কার্যকর হওয়ার কথা। রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস পুখুরিয়া স্টেশন এলাকায় এলে স্থানীয়রা অবরোধ করে ট্রেনটি থামিয়ে দেয়। ট্রেন পরিচালকগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।