নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৩২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম
‘গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়, এই সফলতা বিগত ১৫ বছরব্যাপী বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।’
শনিবার (১৮ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে দলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই চেষ্টা করছেনÑ এমন নেতা যেন আমাদের কর্মীদের দ্বারা নির্বাচিত হন।’
আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক মতামত দিবে, ওই মতামতগুলো আমরা বিবেচনা করে ভবিষ্যতে কীভাবে দলকে শক্তিশালী করতে পারব এবং নির্বাচনে দলীয় লোকের পক্ষ থেকে যেন কাজ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।’
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক এই দলনেতা বলেন, ‘দেশে প্রায় ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে দল ঠিক অ্যাকশন নেবে।’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মা. জিয়াউদ্দিন সিকদার জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।