ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২২:০১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২২:১৪ পিএম
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে, তা নির্ণয় করতে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রামগড়ে নির্মাণাধীন স্থলবন্দরের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্বব্যাংক, ভারত এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগ রয়েছে। রামগড় বন্দর নিয়ে কমিটির সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। চট্টগ্রাম বন্দর থেকে ভারত কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে দেশটির সাবরুম হয়ে সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের উদ্দেশ্যে এ বন্দর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এ বন্দর দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কি না এবং রামগড় স্থলবন্দর কবে নাগাদ চালু হবে ও যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় ৪৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন, রামগড় থানার ওসি মঈন উদ্দিন, রামগড় স্থলবন্দর ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।