নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২২:০০ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২২:১০ পিএম
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে চিকিৎসাসেবা সুনিশ্চিতে ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে নামার বাজার এলাকায় এ মানববন্ধন পালিত হয়।
এতে বক্তারা বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। প্রতিবছর হাজার হাজার ভ্রমণপিপাসু এখানে আসে। দুঃখজনক হলো এখানে চিকিৎসাসেবা নেই বললেই চলে। স্থানীয় ও পর্যটকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল বানাতে হবে। অধিকাংশ মানুষ জেলে হওয়ায় দূরে কোথাও চিকিৎসার জন্য যেতে পারে না। দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্যও তাদের নেই।
বক্তারা আরও বলেন, তৃণমূলে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সুদৃষ্টি আশা করছি।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, জেলা শহর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব বেশি হওয়ায় নিঝুম দ্বীপ ইউনিয়নের গ্রামাঞ্চলের গরিব, অসহায়, দুস্থ ও গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা নিয়ে ভোগান্তি পোহাতে হয়। নদীপথে রোগী নিয়ে যাতায়াতের সময় রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু আমাদের একটা হাসপাতাল নেই। তাই ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল জরুরি হয়ে পড়েছে।
মানববন্ধনে নামার বাজারের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমরা নদীতে মাছ ধরে বেঁচে থাকি। আমরা গরিব ও অসহায়। সরকারি চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত। সব থেকে বেশি বঞ্চিত গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা। তারা বাড়ি থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারে না। গভীর রাতে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে প্রচণ্ড সমস্যা হয়। চোখের সামনে রোগী মারা যায়। আমরা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখি। কিছুই করতে পারি না। তাই একটি হাসপাতাল খুবই দরকার। হাসাপাতাল হলে এখানকার দুঃখী ও অসহায় মানুষগুলো উপকৃত হবে।