লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম
লালমনিরহাটে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সদর থানা-পুলিশ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার করা পাঁচ ছাত্রলীগ নেতা হলেনÑ হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, ছাত্রলীগ নেতা বাবু, শাকিল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি রাসেদুল ইসলাম শিমুল।
জানা গেছে, গত ২৯ অক্টোবর লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিএনপি নেতা আফজাল হোসেন লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতা ও সদরের যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-নবী বলেন, হামারবাড়ি ভাঙচুরের মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।