শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর)
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:৩২ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯ এএম
ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলাজুড়ে মাঠ ভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। প্রবা ফটো
ফরিদপুর সদরপুর ও চরভদ্রাসন উপজেলা দিয়ে প্রবাহিত পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পারের মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্তজোড়া হলুদের বিস্তার। চরের ফসলি মাঠের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। গার হলুদ বর্ণের এ ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে।
সরজমিনে দেখা যায়, দূর থেকে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয়, কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। রোদে ঝলমল করছে সরিষার ক্ষেত। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। হলুদ সরিষার ফুলের অবারিত সৌন্দর্য এখন মাঠে মাঠে। শীতের কুয়াশা উপেক্ষা করে চাষিরা সরিষার ক্ষেতের যত্ন নিচ্ছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা বীজ বুনে ভালো ফলনের আশা করছেন চাষিরা। মাঠের পর মাঠ প্রকৃতিতে যেন অন্য এক মাত্রা এনে দিয়েছে। হলুদ সরিষা ফুলের মৃদু সৌরভ ছড়িয়ে পড়েছে গ্রামের এখানে সেখানে। যেকোনো মাঠে প্রবেশ করলেই চোখে পড়বে সোনাঝরা এ ফুলের সীমাহীন ফসলি জমির বাগান।
সদরপুর ও চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসসূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুই উপজেলার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ২১০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩ হাজার ৩৭৮ হেক্টরে; যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি।
সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চরবালাসিয়া গ্রামের বর্গাচাষি মোস্তফা শেখ বলেন, ‘৫ বিঘা জমিতে দুই ধরনের সরিষা আবাদ করেছি। সরিষা ফুলে ক্ষেত ভরে গেছে। দেখে খুব ভালো লাগছে।’
চরভদ্রাসন সদর ইউনিয়নের হ্যালিপ্যাড এলাকার চাষি দিপু খালাসি বলেন, ‘আমি এবার ১০ বিঘা জমিতে তিন ধরনের সরিষা লাগিয়েছি। আগেরবারের তুলনায় এবার ফলন ভালো হয়েছে, দাম ও বাজারে বেশি আছে বলে জানতে পেরেছি।’
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, চলতি মৌসুমে জেলার দুই উপজেলায় ৩ হাজার ২১০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে চাষিরা সরিষা চাষে ঝুঁকে পড়ে। এ বছর সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নয়টি ইউনিয়নেই সরিষার ব্যাপক আবাদ হয়েছে। উন্নত জাতের বীজ, সারের সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ পাশে রয়েছে।