মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ২১:২৩ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ২১:২৪ পিএম
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের নিকলীতে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ সোমবার (২ ডিসেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শফিকুল ইসলাম সিংপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আলমগীর হাসেন ভুক্তভোগী তরুণীকে শফিকুলের বাসায় ডেকে নিয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ষণ করতে চাইলে তরুণী রাজি না হওয়ায় শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে গেলে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নিকলী থানায় ধর্ষণ মামলা করেন।
জানা গেছে, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ভাই মৃত শাহাবুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আলমগীর হোসেন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন। ওই তরুণী সিংপুর ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা।
ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় ওই তরুণী মামলা করেন। মামলার পর আজ সোমবার অভিযান চালিয়ে আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।