ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:৫২ পিএম
ময়মনসিংহ মহানগরে বিসিক শিল্পনগরীতে একটি কীটনাশক গোডাউনে আগুন লেগেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নগরের মাসকান্দার শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দীর্ঘ ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মতিয়ার রহমান।
ফায়ার সার্ভিস জানায়, বিসিক শিল্পনগরীর এ/৩ নম্বর ব্লকে এম রহমান ইন্ডাস্ট্রিয়ালের গোডাউন ভাড়া নেয় হেকেম বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে কেমিক্যালসহ বিভিন্ন কৃষি উপকরণ রাখা ছিল। সকাল ১০টায় এ গোডাউনে আগুন লাগে। ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা দমকলের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দীর্ঘ ২ ঘণ্টার চোষ্টায় দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গোডাউনসংলগ্ন ইমতিয়াজ মেটালের মালিক নসরুর আমীন জানান, আগুন লাগার ঘটনায় তিনি ছুটে এসেছেন। গোডাউন মালিকের অসতর্কতার কারণে এ আগুন লেগেছে বলে তিনি অভিযোগ করেন।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।