নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম
নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী। দুই দিনের সফরে উত্তরাঞ্চলে এসে রবিবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি আলতাদীঘি পরিদর্শনে যান।
এ সময় জাতীয় উদ্যানের প্রাকৃতিক শালবন, দীঘি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে প্রধান বন সংরক্ষক বলেন, আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের বিশেষ নজরদারি রয়েছে। আলতাদীঘির প্রাণ ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বনাঞ্চল ও দীঘির পাড়ে সম্প্রতি দেশীয় ১০১ প্রজাতির ফল ও ফুলগাছের চারা রোপণ করা হয়েছে। উদ্যানে আগত দর্শনার্থীদের সুবিধার্থে অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। গৃহীত প্রকল্প বাস্তবায়ন হলে বন্য প্রাণীর অভয়াশ্রয় হয়ে উঠবে আলতাদীঘি শালবন। জাতীয় উদ্যানে প্রাণ ফিরবে।
সামাজিক বনাঞ্চল বগুড়া সার্কেলের বন সংরক্ষক সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক মেহেদিজ্জামান, পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।