ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্য মতে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যে পার্শ্ববর্তী গাইবান্ধা পলাশবাড়ী থানা এলাকার উইতসাগর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। অভিযানে সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ অংশ নেয়।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, গত ৫ আগস্টের পরে কোনো এক সময় অস্ত্রটি সে কিনেছে। কোথা থেকে কিনল, অর্থের উৎস কোথায়Ñ সেসব তথ্য আমরা পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।