লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ২০:১২ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ, সাকিব, সৌরভ, মিনারুল, সিরাজুল, আবদার রহমান, জুয়েল, সুমন, মনির, কাজল ও জীবন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নূরলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে জমির ধান কাটতে উভয়পক্ষ লোকজন নিয়ে আসে। পরে উভয়ের মাঝে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, আহত ১১ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।