বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৫:৩৬ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৬:১০ পিএম
নিহত ছাদেকুর রহমান।
কুমিল্লার বুড়িচং উপজেলায় রাতে খেলা দেখতে বের হয়ে এক যুবক খুন হয়েছেন। উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা পূর্বপাড়া এলাকা থেকে রবিবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত মো. ছাদেকুর রহমান জেলার চান্দিনা উপজেলার দূল্লাইর নবাবপুর ইউনিয়নের বিচুন্দাইর বড়বাড়ি গ্রামের বাসিন্দা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি পরিবারের বরাতে বলেন, ছাদেক বুড়িচং উপজেলার নামতলা পূর্বপাড়া গ্রামে ওমর ফারুকের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকতেন। পাশাপাশি তিনি একটি ইলেকট্রনিক দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার রাতে দোকান থেকে ওমর ফারুকের বাড়িতে ফিরে আবার খেলা দেখতে বের হন। পরে তিনি আর ঘরে ফিরে আসেননি। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে, ছাদেকুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির টিম গেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না। তবে মৃত্যুর কারণ উদঘাটন এবং আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের বড় ভাই মো. আল আমিন বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা আমার ভাইকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে গেছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’