খুলনা অফিস
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২১:৩৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলসহ বন্ধ পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধ হওয়া রাষ্ট্রীয় সব পাটকল পুনরায় চালুর দাবিতে খুলনায় বিজেএমসি আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর চরেরহাট এলাকায় অবস্থিত কার্যালয়টি ঘেরাও করেন তারা।
এর আগে সকাল থেকে খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা জড়ো হয়ে খালিশপুর বিআইডিসি রোডে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে চরেরহাট বিজেএমসির অঞ্চলিক অফিসের সামনে অবস্থান নেন। সেখানে শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ধরে কর্মসূচি পালন করেন। এ সময় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিক নেতা মনির উদ্দিন, আবুল কালামসহ নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০১৫ সালের সরকারঘোষিত মজুরি কমিশন, করনাকালীন দুই মাসের প্রণোদনা, আটটি ঈদ বোনাস ও ৬০ দিনের পে নোটিস পাওনা এখনও পরিশোধ করা হয়নি। খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল, চট্টগ্রামের আর আর এবং এম এম জুট মিলের শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। সমাবেশ থেকে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুরও দাবি জানানো হয়। অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচির হুমকি দেন শ্রমিক নেতারা।