কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৩:৩৪ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, যুগ্ম সচিব কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে কুমিল্লা আদালতে হাজির করা হলে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জ্যেষ্ঠ বিচারক হাকিম ফারহানা সুলতানার আদালত এ আদেশ দেন।
সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।
বর্তমান মামলাটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ ১৯০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।