ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
ময়মনসিংহের ধোবাউড়ায় সার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। শনিবার (৯ নভেম্বর) দুপুরে ধোবাউড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল। এতে বলা হয়, গত ৬ নভেম্বর মাজহারুল আহসানের ধোবাউড়া বাজারের গুদামে সরকারি প্রণোদনার ৩১৫ বস্তা সার সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। বন্যা-পরবর্তী সময়ে কৃষকের প্রণোদনার সার নিয়ে প্রশাসনের সহযোগিতায় একজন অসৎ ব্যবসায়ীর এমন ঘৃণিত কেলেঙ্কারি বিবেকবান মানুষকে আহত করে। ওই ঘটনায় গণমাধ্যমে বিএনপির নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে অভিযুক্ত মাজহারুল আহসান উপজেলা বিএনপির কেউ নন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজনু মৃধার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। ওই নির্বাচন বিএনপি বয়কট করে। বিএনপি নেতাদের নামে গায়েবি মামলা হলেও মাজহারুলের নামে কোনো মামলা হয়নি। বরং তিনি আওয়ামী দুঃশাসনের সময় দাপটের সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন। আমরা বিএনপিকে জড়িয়ে প্রকাশিত আংশিক নিউজের প্রতিবাদ জানাই। একই সঙ্গে সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত মাজহারুল আহসান এবং কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন।