রাজশাহী অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম
রিদয়। ছবি: সংগৃহীত
আগের দিন সাব-ইন্সপেক্টর (এসআই) এর মাঠ শেষ করে পরদিনই পৃথিবী থেকে বিদায় নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রিদয়। সোমবার (৪ নভম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিদয়ের।
রিদয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সাথিঁয়া উপজেলায়।
স্থানীয় ও সহপাঠী সূত্রে জানা যায়, নভেম্বরের ১ থেকে ৩ তারিখ এসআই এর মাঠ শেষে রাজশাহী থেকে গতকাল রাতে বাড়িতে ফিরেন তিনি। মেসে থাকাকালীন হালকা জ্বর ছিল। বাড়ি ফেরার পর থেকেই জ্বর বাড়লে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়।
রিদয়ের বড় ভাই আখতার হোসেন বলেন, ‘কয়েকদিন আগে থেকেই জ্বর ছিল, কিন্তু কাল হঠাৎ করে জ্বর বেশি হলে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর পাবনা হাসপাতালে নিয়ে গেলে রিদয়ের মৃত্যু হয়।’
অ্যাকাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক দিলআরা হোসাইন বলেন, ‘পরিবার থেকে জানতে পেরেছি সে ডেঙ্গু আকান্ত হয়েছিল। অল্পকিছুদিন আগেই রিদয় আমাদের বিভাগ থেকে পাশ করে গেছেন। হঠাৎ তার মত্যুর সংবাদে আমরা স্তম্ভিত।’