খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১২:২৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৩:১৩ পিএম
দীর্ঘ এক মাসের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে পর্যটকদের ভ্রমণে আবারও খোলা হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটনকেন্দ্রগুলো। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রথম দিনে সাজেক যেতে খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকায় পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘদিন পর সাজেক যেতে খাগড়াছড়ি আসতে পেরে খুশি পর্যটকরা। প্রকৃতির সান্নিধ্য উপভোগে অনেকে এসেছেন বন্ধুবান্ধব, পরিবার-পরিজন নিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শুক্র ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল, কটেজগুলো।
সাজেকের পাশাপাশি খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণাসহ পর্যটনকেন্দ্রগুলো পর্যটকের পদচারণে মুখর হবে বলে আশাবাদী এ খাতের সঙ্গে সম্পৃক্তরা।
বগুড়া থেকে ঘুরতে আসা পর্যটক রানা বলেন, ‘বাইকে সাজেকে আসার শখ অনেক দিনের। আজ সুযোগ হয়েছে, আমরা বন্ধুরা খুব খুশি। আশা করি ভালোভাবে ঘুরে আসতে পারব।’
সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান আরিফ খান বলেন, ‘দীর্ঘ দেড় মাস পর আজ থেকে স্বাভাবিকভাবে সাজেক সড়কে পরিবহন চলাচল করছে। প্রথম দিনে ২৫টির মতো পিকআপ ও জিপ সাজেকের উদ্দেশে গেছে।’
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘পর্যটকরা যেন নিরাপদে সাজেকসহ জেলায় ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। আশা করি আসন্ন পর্যটন মৌসুমে খাগড়াছড়ি জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।’
সেপ্টেম্বর ও অক্টোবরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার জেরে পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল স্থানীয় প্ৰশাসন।