শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২০:৫৪ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেতে জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শুক্রবার সকালে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্য হাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ২৫-৩০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় সেখানে অবস্থান করলেও সন্ধ্যা পর হাতির পাল ধানক্ষেতে, লোকালয়ে নেমে আসে। এজন্য কৃষকরা ফসলরক্ষায় মশাল জ্বালিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করছে।
বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে ৪০-৫০ একর জমিতে আমন চাষ করা হয়েছে। ফসল রক্ষায় কৃষকরা ধানক্ষেতে জেনারেটরের মাধ্যমে তার দিয়ে ঘিরে রাখেন। বৃহস্পতিবার রাতে হাতির পাল ফসলক্ষেতে হানা দেয়। এ সময় একটি হাতি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।