বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১১:১৮ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৪:২৫ পিএম
অ্যাডভোকেট আবদুল মতিন (বাঁয়ে) অ্যাডভোকেট আবদুল বাছেদ
বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত মুক্তা-বাছেদ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। ১৩ পদের ১১টিতেই বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত প্যানেল।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত শুক্রবার (২৫ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত অ্যাডভোকেট আবদুল মতিন (পিপি) সভাপতি ও জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবদুল বাছেদ সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।
পরাজিত হয়েছেন বাম দলগুলোর সমর্থনপুষ্ট বাম গণতান্ত্রিক আইনজীবী সমিতির পল্টু-ববি প্যানেলের প্রার্থীরা।
সভাপতি পদে আইনজীবী আবদুল মতিন পেয়েছেন ২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো. আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ২৪৮ ভোট।
২৬৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. আবদুল বাছেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এ এইচ এম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২০২ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অন্য ১০ জন হলেন—মাসফিকুর রহমান তালুকদার রুবেল ও সাখাওয়াত হোসেন মল্লিক (সহসভাপতি), আনিমুল ইসলাম শাহীন ও মাহবুবা খাতুন সুখী (যুগ্ম সম্পাদক), উজ্জ্বল হোসেন (লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক) ও গোলাম মোস্তফা মজনু (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং নির্বাহী কমিটির সদস্যপদে মিজানুর রহমান মিজান, আবদুস সালাম, সিরাজুল ইসলাম ও সাইফুল ইসলাম। সদস্যপদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন বেবী খাতুন।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে পুনরায় ভোট গণনার আবেদন বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বারের গঠনতন্ত্রে এ ধরনের কোনো বিধান না থাকায় আবেদনটি বাতিল করা হয়েছে।’