মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৬:২৫ পিএম
হবিগঞ্জের মাধবপুরে একই দিনে একাধিক ইসলামি দলের দুটি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত মাধবপুরে দুটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
মাধবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা এবং সু্ন্নী আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে তিন উপজেলা মাধবপুর, নাসিরনগর এবং বিজয়নগর সু্ন্নী সমর্থিতদের নিয়ে ২ নভেম্বর মাধবপুর স্টেডিয়াম মাঠে গণসমাবেশের ডাক দেন পীর সৈয়দ জুবায়ের কামাল ও তৌহিদি জনতা। একই দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মাধবপুর খেলাফত মজলিস, জামায়াত ইসলাম, উলামা পরিষদসহ কয়েকটি সমমনা ইসলামী দল। একই দিনে দুটো সমাবেশ ঘিরে মাধবপুরে আলেম ওলামাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মাধবপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল জানান, একই দিনে দুটে সমাবেশ হলে আইনশৃঙ্খলার অবনতি, জানমালের ক্ষতি এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর পর্যন্ত মাধবপুর উপজেলা শহর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আগামী ২ নভেম্বর মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশ স্থগিত করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র খান্দুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব সৈয়দ মোঃ জুবায়ের কামাল জানান।