কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:৪৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:৪৯ পিএম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে বসতবাড়িতে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এই ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের আমিরুলের ঘরে একটি সংঘবদ্ধ দল চুরি করার সময় বাড়ির লোকজন টের পেয়ে যান। এ সময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় জনগণ বাড়ি থেকে প্রায় দেড়শ গজ দূরে নতুন পাড়া ডাঙ্গা মাঠের ভেতর থেকে জাহাঙ্গীরকে ধরে ফেলেন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাড়ির মালিক আমিরুল ইসলাম বলেন, বাড়ির কাজ চলছে। তাই দরজা জানালা এখনও দেওয়া হয়নি। সেই সুযোগে ঘুমিয়ে থাকা অবস্থায় ৩ থেকে ৪ জন বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। চুরি করে পালানোর সময় টের পেয়ে তাদের ধাওয়া দেওয়া হয়। বাকিরা পালিয়ে গেলেও এক চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া চোর সদস্যরা আমার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
৫ নম্বর ইউপি সদস্য সজীব আহমেদ বলেন, ঘটনা জানার পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা বিষয়টি তদন্ত করছেন।
ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, চুরির অভিযোগে স্থানীয় জনগণের গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ভাই ঘটনাস্থলে আসছেন। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।