পাবনার ঈশ্বরদীতে রেললাইনের স্লিপার-পিন খুলতে গিয়ে সজিবুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার দিয়াড়বাঘইল গ্রামের সায়েনউদ্দিন মোড় সংলগ্ন রেললাইনের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্লিপার-পিন খোলার সরঞ্জামাদি, কয়েকটি স্লিপার পিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
আটক ওই যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের মাহাতাব ইসলামের ছেলে। বর্তমানে সে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে তার নানার বাড়িতে থাকেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকাল ৫টার দিকে আবহাওয়ার কারণে এই এলাকাটি জনশূন্য থাকায় সজিবুলসহ তার আরও দুজন সহযোগী রেললাইনের স্লিপার-পিন খোলার চেষ্টা করছিল। এ সময় এলাকার কয়েকজন লোক বিষয়টি দেখতে পায়। পরে তাদের সেখান থেকে চলে যেতে বললে হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয়। এ সময় তাদের চিৎকারে গ্রামের আরও অনেক মানুষ রেললাইনের ওপর জড়ো হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে সজিবুলকে ধরে গ্রামবাসী। পরে রেলের লোকজন ও পুলিশকে খবর দিলে তারা এসে তাকে আটক করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. আবু সাঈদ বলেন, ‘রেলের পিন খোলার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এই যুবক। পরে রেলের কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে তাকে আটক করি। আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত আইন অনুযায়ী মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’