মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২১:১৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২২:১৮ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে আমির আলী বলেন, বিএনপিকে জড়িয়ে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন তালুকদারের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শুভ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। বিএনপি ও তাকে জড়িয়ে ৯টি দোকান ঘর দখলের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। ২০০৯ সালে তার চাচাতো ভাই শাহবুদ্দিন তালুকদার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার পৈতৃক ১ একর ১১ শতক জমি দখল করে নেয়।
তিনি আরও বলেন, তার পিতার রেকর্ডীয় সম্পত্তি ভোগ দখল করছেন। কারও জমি জোরপূর্বক তিনি দখল করেননি। প্রকৃত ঘটনাকে আড়াল করে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুদুল হাসান শুভ নিজেদের দোষ বিএনপির কাঁধে চাপিয়ে অপপ্রচার করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদুল হাসান শুভ বলেন, তার পিতা বেঁচে থাকতে কাগজপত্রের আলোকে জমিজমা কিনে পাকা ভবন করেছেন। ৫ আগস্টের পর আমাদের ৯টি দোকান দখল করা হয়েছে। তাই ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছি।