ভাঙ্গুড়া জরিনা রহিম উচ্চ বিদ্যালয়
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৯:০১ পিএম
শিক্ষক মো. ফারুক হোসেন।
পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর একাধিক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বিষয়টি সম্প্রতি জানাজানি হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভর্তি ফি, সেশন চার্জ, টেন্ডার ছাড়া প্রতিষ্ঠানের গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ, ফরম ফিলআপে অতিরিক্ত অর্থ আদায়, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায়, ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় করা, ইউনিক আইডি এন্ট্রি করার নামে টাকা আদায়, উপবৃত্তি আবেদনের খরচ বাবদ ৩৫০ টাকা করে আদায়, বিদ্যালয়ের শূন্যপদে কর্মচারী নিয়োগে বাণিজ্যসহ মোট ২২টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষ ফারুক হোসেন পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আতিকুজ্জামন বলেন, অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া হয়েছে। স্যারের নির্দেশে তার কাছে জবাব চেয়ে নোটিস দেওয়া হয়েছিল। জবাবের কাগজপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।