× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএমপি কার্যালয় ঘেরাও

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন সমন্বয়ক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৩৭ পিএম

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। প্রবা ফটো

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। প্রবা ফটো

চট্টগ্রামে মধ্যরাতে মুখোশ পরে ছাত্রলীগের মহড়া মিছিলের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর পুলিশের কার্যালয় ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

এদিকে শুক্রবার মধ্যরাতে ছাত্রলীগের মিছিলের পর চার ছাত্রলীগ নেতাকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) জামালখানে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পর তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও করে। শিক্ষার্থীরা চট্টগ্রামে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে বলে দাবি করেন বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, ‘যারা এ দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, খুন করেছে, গুম করেছে, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সব দোসর সংগঠনকে নিষিদ্ধ করছি।’

ছাত্রলীগের চারজনকে আটক করার কথা জানিয়ে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘চকবাজার থানাসহ যৌথ অভিযান চালিয়ে চারজনকে আমরা আটক করেছি। গতকাল শুক্রবার মিছিল করা ছাড়াও তাদের বিরুদ্ধে আগেও ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছিল। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাই না।’

তবে পুলিশ অভিযান চালিয়ে আটক করার কথা বললেও ভিন্ন বক্তব্য আন্দোলনের সমন্বয়কারীদের। চট্টগ্রামের সমন্বয়কারী রিজাউর রহমান তার ফেসবুক পোস্টে রাকিব নামে একজনকে আটকের একটি ছবি পোস্ট করে লিখেছেন , চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের রাকিব ইসলাম নামে এক ছাত্রলীগকর্মী। সে আজকের মিছিলে রায়হানের নেতৃত্বে জামালখানে খুনি হাসিনার পুনর্বাসনের মিছিলে যোগ দেয়। ছাত্রদের মাধ্যমে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

রাকিবসহ দুইজনকে আটকের কথা জানিয়ে চকবাজার থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘রাকিব ও ইমরান নামে দুইজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’

মহানগর ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মিছিলের জের ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা করছে। কয়েকজনকে তারা আটক করে পুলিশের হাতে দিয়েছে।’ তবে ছাত্রলীগ নেতাদের এমন অভিযোগ অস্বীকার করেছেন দুই থানার ওসি। 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার জামাল খান মোরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী। সরকার পতনের আড়াই মাসের মাথায় এটি চট্টগ্রামে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের প্রথম প্রকাশ্য কর্মসূচি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিও ও স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে এই দলটি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল শুরু করে। এ সময় দুটি মোটরসাইকেল মিছিলের সামনে ছিল। তারা জামালখান মোড় থেকে প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় পর্যন্ত মিছিল করে। মিছিলে শেখ হাসিনার সমর্থনেও নানা স্লোগান দেওয়া হয়। কোনো সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।

ওই ঘটনার পর তাৎক্ষণিক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রিজাউর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে সমন্বয়ক রিজাউর রহমান একটি ভিডিও পোস্ট করেনÑ‘নিয়ে ফেলা হবে সব খুনীর দোসরদের’। ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওতে মিছিল করা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে রিজাউর বলেন, ‘জামাল খানে যারা আজকে স্লোগান দিসে তোমাদের বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্ট মাঠে চলে আসছি। তোমরা বুঝে নাও তোমাদের ভেতরে কী দেওয়া হবে! তোমাদের ভেতর যা দেওয়া হবে সেটা কী? পাশ থেকে বাকিরা উত্তর দেন নলা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা