মোংলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৭:৪১ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১৮:৩২ পিএম
মোংলা বন্দর। প্রবা ফটো
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানা-পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে শুক্রবার বিকালে আটক জেলেদের বাগেরহাট কারাগারে পাঠানো হবে।