বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত
রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২১:৫৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২২:০৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে নিহত শিক্ষার্থী সাকিব আঞ্জুমের লাশ প্রায় আড়াই মাস পর কবর থেকে তোলা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আদালতের নির্দেশে বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় নগরের টিকাপাড়া কবরস্থান থেকে মরদেহ তোলা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহত ছাত্রের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিহত সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাকায়। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট রাজশাহীর শাহ মখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিয়ার রহমান জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশ ও চিকিৎসক না পাওয়ায় সাকিব আঞ্জুমের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহটি কবর থেকে তুলতে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশনামতো সাকিবের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে একই স্থানে দাফন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব আঞ্জুমের নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন নিহতের বাবা মাইনুল হক। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষের সময় শাহ মখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আঞ্জুম। তাকে দুই দফা গুলি করে হত্যা করা হয়।
শুরুতে বোয়ালিয়া থানা পুলিশ তদন্ত করলেও পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় নগর ডিবি পুলিশ। মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ নেতা আলোচিত ডাবল হেন্ড শুটার রুবেলসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডাবলু সরকারকে তিন দফায় ১৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।